All news

বগুড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

বগুড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

বগুড়ার শেরপুর উপজেলায় অসচ্ছল নারীদের জীবনে সচ্ছলতা ফেরাতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে শেরপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অসচ্ছল ১৫ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও দেশবরেণ্য কথাশিল্পী ইমদাদুল হক মিলন।

দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের একটি সংগঠন বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটি বন্যা, দুর্যোগসহ সব সময় দেশের অসচ্ছল মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয়। এরই ধারাবাহিকতায় শেরপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অসচ্ছল ১৫ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
 
সেলাই মেশিন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নারীরা। তারা বলেন, সেলাই মেশিন পেয়ে বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানাই।

বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে প্রথমে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরপর বিনামূল্যে দেওয়া হয়েছে সেলাই মেশিন। এই সেলাই মেশিন দিয়ে কাজ করে যে উপার্জন হবে, তা দিয়ে আমরা নিজেদের ভাগ্য বদলানোসহ পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনবো।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের উদ্যোগটি অত্যন্ত মহৎ। এমন উদ্যোগের ফলে আজকে ১৫টি পরিবার প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়েছে। সেলাই মেশিনে কাজ করার মাধ্যমে অসচ্ছল নারীরা স্বাবলম্বী হতে পারবেন। এ জন্য বসুন্ধরা গ্রুপের প্রতি আমরা কৃতজ্ঞ। আমি আশা করি, বসুন্ধরা গ্রুপ সব সময় দেশের অসহায় মানুষের পাশে আরও বড় পরিসরে দাঁড়াবে। বসুন্ধরা গ্রুপের এমন মহতি কার্যক্রমের সফলতা কামনা করছি।

বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও দেশবরেণ্য কথাশিল্পী ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা শুভসংঘ সব সময় দেশের মানুষের পাশে আছে। শুক্রবার বগুড়ার শেরপুর উপজেলায় অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মূলত দেশের অসচ্ছল নারীদের সচ্ছল করাই বসুন্ধরা শুভসংঘের প্রধান লক্ষ্য। এছাড়া বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে করোনাকালে প্রায় ১ কোটি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। স্কুল ও কলেজ পর্যায়ে ছাত্র-ছাত্রীদের বৃত্তি দেওয়া হচ্ছে। বসুন্ধরা শুভসংঘের কাজ চলমান থাকবে।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম বাবলু, শেরপুর পৌর বিএনপির সভাপতি বাবু স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু প্রমুখ।

SOURCE : Banglanews24