All news

স্বাবলম্বী হওয়ার পথে ১৫২ নারী

স্বাবলম্বী হওয়ার পথে ১৫২ নারী

গ্রামের সাধারণ নারীদের জীবনে নীরব পরিবর্তন আনছে বসুন্ধরা ফাউন্ডেশন। সুদমুক্ত ঋণের সহায়তায় তারা এখন ঘুরে দাঁড়ানোর সাহস পাচ্ছেন, গড়ে তুলছেন নিজেদের আয়ের পথ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হরিপুর গ্রামে অনুষ্ঠিত ফাউন্ডেশনের ৮২তম ঋণ বিতরণ অনুষ্ঠানে ১৫২ জন নারীর হাতে তুলে দেওয়া হয় ২৭ লাখ ৫০ হাজার টাকার সুদ, সার্ভিস চার্জ ও জামানতমুক্ত ঋণ। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আবদুল বারী বলেন, ‘বসুন্ধরা গ্রুপ সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই ঋণ সঠিকভাবে কাজে লাগালে আপনাদের জীবনমান আরও উন্নত হবে।’

ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এম নাসিমুল হাই বলেন, ‘২০০৫ সাল থেকে পরিচালিত এই সুদমুক্ত ঋণ প্রকল্প ইতোমধ্যে হাজার হাজার পরিবারকে স্বাবলম্বী করেছে। সুদ ও সার্ভিস চার্জমুক্ত এ ধরনের উদ্যোগ বিশ্বে বিরল।’ বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী বলেন, ‘এই প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি দরিদ্র পরিবার উপকৃত হয়েছে। বাঞ্ছারামপুর, নবীনগর ও হোমনার শতাধিক গ্রামের নারীরা এ সহায়তা পেয়ে স্বাবলম্বী হয়েছেন।’

আয়োজকরা জানান, ঋণের পাশাপাশি শিক্ষাবৃত্তি, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং সেলাই মেশিন বিতরণের মতো সামাজিক কার্যক্রমের মাধ্যমেও মানুষের পাশে রয়েছে ফাউন্ডেশনটি। স্থানীয়দের মতে, সুদমুক্ত এ সহায়তা নারীদের শুধু আর্থিকভাবে শক্তিশালী করছে না, বাড়াচ্ছে তাদের আত্মমর্যাদা এবং বদলে দিচ্ছে গ্রামীণ অর্থনীতির চিত্র। হোমনার চরেরগাঁও গ্রামের আছমা আক্তার (২৮) বলেন, ‘এই ট্যাহা দিয়া গরুর খাবার কিনুম। গরুগুলা ভালো কইরা লালনপালন কইরা কোরবানির ঈদে বেইচা ভালো লাভ হইব ইনশাআল্লাহ। বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান মহোদয় আর উনার পরিবারের সব সদস্যের লাইগা দোয়া রইল-আল্লাহ উনাদের ভালো রাখুক।’

হরিপুর গ্রামের রায়হানা (৩০) বলেন, ‘এই ট্যাহা আমি আমার স্বামীরে দিমু। উনি মাছের ব্যবসা করে, এইডা দিয়া ব্যবসা আরেকটু বাড়াইতে পারব।’

SOURCE : News 24